মদিনায় হিজরতের সূচনা
দ্বিতীয় বাইয়াতুল আকাবার পর মদিনার মুসলিমদের সংখ্যা অনেক বেড়ে যায়। মদিনায় মুসলমানদের অবস্থান শক্তিশালী ছিল প্রথম বাইয়াতের পর থেকেই। দ্বিতীয় বাইয়ের পর তাদের অবস্থান আরও দৃঢ় হয়। মূলত আকাবার বাইয়াতে মদিনার মুসলিমরা ইসলামের ওপর থাকার শপথ করেন এবং তারা রাসুলুল্লাহ সা. এর পক্ষে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হন। এভাবে মক্কার বাইরে রাসুলুল্লাহ সা. ও মুসলমানদের জন্য নিরাপদ আশ্রয় তৈরী হয়।
হিজরতের সূচনা তো হয়েছিল আরও অনেক আগেই। দুই দফায় অনেক সাহাবি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তাদের মধ্যে একটি দল ফিরেও এসেছিলেন মক্কায়। অনেকে থেকে গিয়েছিলেন সেখানে। তবে আকাবার দ্বিতীয় বাইয়াতের পর মদিনায় হিজরতের সূচনা হয়।
হিজরতের অনুমতি
তখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি আসেনি। সাহাবিরা প্রায়ই রাসুলুল্লাহ সা. এর কাছে তাদের কষ্টের কথা জানাতেন। সেসময় রাসুলুল্লাহ সা. স্বপ্নে দেখতে শুরু করেন। তিনি দেখতেন, খেজুর গাছ বিশিষ্ট কোনো এক অঞ্চলে তিনি হিজরত করছেন। প্রথমদিকে তাঁর কাছে মনে হয়েছিল, সেটি ইয়ামামা অথবা বাহরাইনের হাজার নামের স্থান। একদিন রাসুলুল্লাহ সা. তাদেরকে বললেন, আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। আর তা হলো, খেজুর গাছে পূর্ণ কঙ্করময় একটি স্থান যা দুই প্রান্তের মাঝে অবস্থিত। [বুখারি : ২২৯৭]
মদিনা ছিল রাসুলুল্লাহ সা. এর স্বপ্নে দেখা সেই স্থান। কিছুদিন পর রাসুলুল্লাহ সা.এর কাছে স্পষ্ট হয় সেটি হলো ইয়াসরিব। তিনি ঘোষণা দেন, আমাদেরকে তোমাদের হিজরতের ভূমি দেখানো হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে চায় সে ইয়াসরিবে হিজরত করতে পারে। এখানে উল্লেখ্য, রাসুলুল্লাহ সা. এর হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। হিজরতের পর তিনি মদিনার নামকরণ করেন ইয়াসরিব।
হিজরতের অনুমতি রাসুলুল্লাহ সা. কখন দিয়েছিলেন তা নিয়ে মতপার্থক্য দেখা যায়। তবে প্রথম বাইয়াতে আকাবার পর তিনি এই অনুমতি দিয়েছিলেন বলে জানা যায়। তারপর থেকে মক্কায় থাকা সাহাবিরা ধীরে ধীরে হিজরত করতে শুরু করেন।
মদিনায় প্রথম হিজরতকারী
মক্কা থেকে মদিনায় প্রথম হিজরত করেন আবু সালামা রা.। তিনি প্রথমে চেয়েছিলেন তার শিশুপুত্র ও স্ত্রীকে নিয়ে হিজরত করতে। কিন্তু তার স্ত্রীর গোত্র জোর করে তার কাছ থেকে স্ত্রীকে নিয়ে যায়। এরপর তার নিজের বাবা-মা তার শিশুসন্তানকে নিয়ে নেয়। তখন আবু সালাম রা. একাই হিজরত করেন। স্বামী ও সন্তানকে হারিয়ে তার স্ত্রী উম্মে সালামাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একবছর পর তার সন্তানকে তার কোলে দিয়ে তাকে তার পরিবার মদিনায় স্বামীর কাছে চলে যেতে বলে। তিনি এরপর মদিনায় স্বামীর কাছে চলে যান।
এসময়ে অনেক সাহাবিই চলে যান মদিনায়। তাদের বেশিরভাগ গোপনে হিজরত করেন। তবে উমর রা. প্রকাশ্যে ঘোষণা দিয়ে হিজরত করেছিলেন। মক্কার কাফিররা কেউ তাকে বাধা দেয়ার সাহস করেনি।
আবু জাহলের চাচাত ভাই আইয়াশ রা. কে ফেরানোর জন্য আবু জাহল ও তার ভাই ফন্দি করে। তারা মদিনায় গিয়ে আইয়াশকে জানায়, তোমার মা তোমাকে না দেখে চিরুণি ব্যবহার করবেন না বলে শপথ করেছেন। মায়ের কথা শুনে আইয়াশ মক্কায় ফিরতে রাজি হন। মক্কার কাছে এসে তাকে কৌশলে বেঁধে নিয়ে আসে আবু জাহল। তাকে বাধ্য করে ইসলাম ত্যাগ করায়। পরে অবশ্য তিনি আবার মদিনায় ফিরে আসেন।
মদিনায় যাবার পর মুহাজির সাহাবিরা আনসারি সাহাবিদের বাড়িতে গিয়ে ওঠেন। যারা অবিবাহিত ছিলেন তারা অবিবাহিত একজন আনসারির বাড়িতে ওঠেছিলেন। সেস্ময় মদিনার সাহাবিরা মক্কার সাহাবিদের সাদরে গ্রহোন করে নিয়েছিলেন। তাদেরকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন। নিজেদের জীবিকা ও কাজে তাদেরকেও অংশীদার করেছিলেন। পরে রাসুলুল্লাহ সা. আনসার ও মুহাজিরদেরকে ভাই বানিয়ে দেন। পৃথিবীর ইতিহাসে এটি ছিল এক বিরল ঘটনা।
হিজরতকে কেন্দ্র করে বিভিন্ন সাহাবির জীবনে বিভিন্ন ঘটনা ঘটে। আমরা সেসব বিস্তারিত উল্লেখ না করে সংক্ষেপে কয়েকটি ঘটনা বর্ণনা করেছি। যেহেতু রাসুলুল্লাহ সা. এর জীবনী আমাদের মূল আলোচনার বিষয়, তাই আমরা অন্যদের সাথে প্রাসঙ্গিক ঘটনাগুলো উল্লেখ করা থেকে বিরত থেকেছি।
রাসুলুল্লাহ সা. এর হিজরত প্রস্তুতি
সাহাবিরা মদিনায় হিজরত শুরু করলেও রাসুলুল্লাহ সা. তখনও হিজরত করেননি। তিনি তাঁর হিজরতের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অনুমতির অপেক্ষায় ছিলেন। বিশিষ্ট সাহাবিদের মধ্য থেকে মক্কায় তখন ছিলেন মাত্র দুজন। আবু বকর রা. এবং আলী রা.। আলী রা. তখন কিশোর। রাসুলুল্লাহ সা. ছিলেন তার অভিভাবক। অন্যদিকে আবু বকর রা. হিজরতের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। তখন রাসুলুল্লাহ সা. তাঁকে বলেছিলেন, একটু ধীরে। আমি আশা করছি আমাকে অনুমতি দেয়া হবে।
এরপর থেকে আবু বকর রা. দুটি পশুকে হিজরতের বাহন হিসেবে প্রস্তুত করতে শুরু করেন। হিজরততের আগে চারমাস ধরে তিনি সেগুলোকে ঘাস খাওয়াতে থাকেন।
সময় যেতে থাকে। কুরাইশের নেতারা আবারো তৎপর হয় রাসুলুল্লাহ সা. এর বিরুদ্ধে। তাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। একদিন তারা সবাই মিলে আবার শলা-পরামর্শ করতে শুরু করে। তাদের দুশ্চিন্তা ছিল, যদি মুহাম্মদ সা. মদিনায় চলে যান তাহলে সেখানে তিনি ক্ষমতাশালী হয়ে ওঠবেন এবং কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন।
তারা তাদের গুরুত্বপূর্ণ বিষয়ের সভাস্থল দারুন-নদওয়াতে একত্র হয়। ইবলিশ শয়তান সেখানে একজন মানুষের বেশে উপস্থিত হয়। তাকে দেখে উপস্থিত লোকেরা প্রথমে চিনতে পারেনি। তারা তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কে? সে উত্তর দিয়েছিল, আমি নজদের একজন প্রবীণ ব্যক্তি। তোমরা যে বিষয়ে আলোচনা করবে সে বিষয়টি জানতে পেরে আমিও এসেছি। আশা করি, তোমাদের জন্য ভালো কোনো পরামর্শ দিতে পারব।
সে সভায় অংশ নিয়েছিল কুরাইশ ও কুরাইশের বাইরের অনেক ব্যক্তি। মক্কার প্রায় প্রতিটি শাখা গোত্রের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল।
আলোচনা শুরু হলে আবুল বুখতুরি বলল, তোমরা তাকে লোহার শেকলে বেঁধে একটি ঘরে বন্দী করে রাখো। তারপর তোমরা অপেক্ষা করো এবং দেখো, তার সমকক্ষ অন্যান্য কবিদের মত তার কী পরিণতি হয়। এভাবে মৃত্যু পর্যন্ত তাকে আটকে রাখো।
তখন ইবলিশ মুখ খুলল। সে বলল, না। এটা আমার মত নয়। এভাবে তাকে আটকে রাখলে তার অনুসারীরা এসে তাকে মুক্ত করে নিবে।
আরেকজন বলল, তাকে আমরা আমাদের দেশ থেকে বের করে নির্বাসনে পাঠিয়ে দিব।
তখন ইবলিশ বলল, এই মতও আমি সমর্থন করি না। তোমরা কি দেখো না সে কত মিষ্টভাষী? সে যে কোনো জায়গায় গিয়ে তার নতুন অনুসারী তৈরী করে নিবে।
তখন আবু জাহল বলল, আমার কাছে একটি বুদ্ধি আছে। আমার মনে হয় তোমরা কেউ আগে এটি ভেবে দেখনি। তোমরা প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী যুবককে বেছে নাও। তারপর তারা একসাথে গিয়ে তার ওপর আক্রমণ করবে এবং তাকে মেরে ফেলবে। তাহলে তার হত্যার দায় সব গোত্রের ওপর থাকবে। বনু আব্দে মানাফ তখন সবার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না।
ইবলিশ বলল, এটা আমার কাছেও ভালো মনে হয়। এছাড়া আমি অন্য কোনো উপায় দেখছি না।
সেদিনের সভায় এই সিদ্ধান্তে উপনীত হয়ে সবাই বিদায় নিল।
কিন্তু মহান আল্লাহ তো তাঁর প্রিয় রাসুলকে রক্ষা করবেন। তিনি জিবরাইল আ. এর মাধ্যমে রাসুলুলাহ সা. কে জানিয়ে দিলেন তাদের ষড়যন্ত্রের কথা। সেদিন মহান আল্লাহ রাসুলুল্লাহ সা. কে হিজরতের অনুমতি দিলেন এবং তাঁর ঘরে রাত্রি যাপন না করার নির্দেশ দিলেন।
লেখক: নাজমুস সাকিব
প্রকাশের তারিখ : ১ সেপ্টেম্বর ২০২৪
শেয়ার করুন :
Currently Reading
